রাজধানীর গোলাপ শাহ মাজার এলাকায় চলন্ত রিকশা থেকে এক নারীর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় এক ছিনতাইকারীকে দৌড়ে আটক করেছেন দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট রানা পাল।
ঘটনার বিবরণে জানা যায়, গোলাপ শাহ মাজার ট্রাফিক পুলিশ বক্সের পশ্চিম পাশে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সার্জেন্ট রানা পাল (ট্যাংগো-৩১০)। এ সময় তিনি দেখতে পান, এক ব্যক্তি চলন্ত রিকশা থেকে এক নারীর গলার স্বর্ণের চেইন টান মেরে ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে।
বিষয়টি দেখতে পেয়ে সার্জেন্ট রানা পাল সঙ্গে সঙ্গে ছিনতাইকারীর পেছনে দৌড় দেন। একপর্যায়ে তিনি ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হন। পরে উপস্থিত পথচারীদের সামনে আটক ব্যক্তির কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণের চেইনটি ভুক্তভোগী নারীর কাছে বুঝিয়ে দেওয়া হয়। আটক ছিনতাইকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীকে আটক ও স্বর্ণের চেইন উদ্ধারে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য উপস্থিত পথচারীরা পুলিশ সার্জেন্ট রানা পালকে ধন্যবাদ জানান।