পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ভান্ডারিয়া থানাধীন ৪ নম্বর ইকরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইকরী বাজার সংলগ্ন একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মো. শাকিল আহম্মেদ (৪০) ও মো. শাহাদাৎ হোসেন হাওলাদার (৪১)।
পিরোজপুর জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মাহাবুব-এর তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ৩০০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্যের ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং মাদকসহ সব ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।