রোববার এক দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে হাজির করা হয়। এ সময় তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এর আগে শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। পরদিন শনিবার তাকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়।
তদন্ত কর্মকর্তা জানান, রিমান্ডে ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় পাওয়া কিছু তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
মামলার অভিযোগ অনুযায়ী, মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীদের লাগেজ ও জমজমের পানি পেতে বিলম্বকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার বিমানবন্দরে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় আখতারুজ্জামানের সঙ্গে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় করা মামলায় আখতারুজ্জামানের বিরুদ্ধে আক্রমণাত্মক আচরণ, গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।