সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। লায়ন্স শপিংয়ের সামনে থেকে কদমতলী গোলচত্বর পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে অভিযান চালানো হয়।
অভিযানকালে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে তোলা বিভিন্ন অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি সড়কের ওপর থাকা সিএনজি স্ট্যান্ড সরিয়ে দিয়ে যান চলাচলের পথ উন্মুক্ত করা হয়।
এ সময় ভবিষ্যতে ফুটপাত বা সড়ক দখল করে ব্যবসা কিংবা কোনো ধরনের স্থাপনা না বসাতে সংশ্লিষ্টদের সতর্ক করে পুলিশ।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, যানজট কমানো এবং পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এ অভিযান চালানো হচ্ছে।
তিনি বলেন, “সাধারণ মানুষের চলাচলের পথে কেউ বাধা সৃষ্টি করলে, তিনি যেই হোন না কেন, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ সুপার আরও বলেন, “আমরা সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় বেতন পাই। তাই তাঁদের কোনো দুর্ভোগ মেনে নেওয়া হবে না।”
অভিযানে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক দক্ষিণ) তরিকুল ইসলাম এবং ঢাকা জেলা ট্রাফিক পুলিশের টিআই প্রশাসন (দক্ষিণ) শহিদুল আলমসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।