ঈদ উপলক্ষে সদরঘাটে নৌকা-ট্রলার শ্রমিকদের সঙ্গে নৌ পুলিশের বিশেষ আলোচনা সভা
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর সদরঘাট বুড়িগঙ্গা নদীতে ইঞ্জিনচালিত নৌকা ও ট্রলার শ্রমিকদের নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চল নৌ পুলিশ সুপার আব্দুল আল মামুন, সহকারী পুলিশ সুপার সাঈদ ইবনে রেজা এবং সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ সোহাগ রানা। এছাড়াও সদরঘাট ইজারাদার জনাব সুমন ভূঁইয়া পক্ষে উপস্থিত ছিলেন জাকির হোসেন।
আলোচনা সভায় নৌ পুলিশ সুপার আব্দুল আল মামুন বলেন, ঈদকে কেন্দ্র করে সদরঘাট এলাকায় যাত্রীদের চাপ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। তাই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌ শ্রমিকদের আরও দায়িত্বশীল ও সচেতন হয়ে কাজ করতে হবে।
তিনি বিশেষভাবে সতর্ক করে বলেন, ইঞ্জিনচালিত নৌকা থেকে লঞ্চের পেছনে যাত্রী ওঠানো সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের ঝুঁকিপূর্ণ কার্যক্রম দুর্ঘটনার কারণ হতে পারে। যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানান তিনি।
সভায় ইঞ্জিল চালিত নৌকা ট্রলার শ্রমিকদের নিরাপদ নিশ্চিত করার শপথ করানো হয়। নৌ পুলিশ জানায়, ঈদ উপলক্ষে সদরঘাট এলাকায় অতিরিক্ত নজরদারি, টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে, যাতে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন।